সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া দীর্ঘদিনের বিভ্রান্তি ও ক্ষোভের অবসান ঘটিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি আজ এক দাপ্তরিক আদেশের মাধ্যমে স্পষ্ট করেছে যে, ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ হারেই উৎসে কর কর্তন করতে হবে, ১০ শতাংশ নয়।
মঙ্গলবার এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই সংক্রান্ত একটি স্পষ্টীকরণ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পেনশনার সঞ্চয়পত্রের করমুক্ত সুবিধা বজায় রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে সঞ্চয়পত্রের ক্ষুদ্র বিনিয়োগকারীরা অভিযোগ করে আসছিলেন যে, ব্যাংক বা সঞ্চয় অফিসগুলো ৫ লাখ টাকার নিচে বিনিয়োগের বিপরীতেও মুনাফা থেকে ১০ শতাংশ হারে কর কেটে রাখছে। এতে সীমিত আয়ের মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হওয়ার পর এনবিআর দ্রুত পদক্ষেপ নিয়ে আজ এই ব্যাখ্যা প্রদান করল।
এনবিআর স্পষ্ট করে জানিয়েছে যে, বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকার নিচে থাকলে কোনোভাবেই ১০ শতাংশ কর কাটা যাবে না। এ ক্ষেত্রে পূর্বের নিয়ম ও প্রজ্ঞাপনই বহাল থাকবে।
এনবিআরের চিঠিতে আয়কর আইন ও বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে:
৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ: ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, যদি কোনো ব্যক্তির সব সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ ৫ লাখ টাকার বেশি না হয়, তবে সেই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হবে।
৫ লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ: আয়কর আইন ২০২৩-এর ১০৫ ধারা অনুযায়ী, যদি কোনো করদাতার মোট বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম করে, তবে অর্জিত পুরো মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সুখবর দিয়েছে এনবিআর। চিঠিতে বলা হয়েছে, পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার ওপর শূন্য শতাংশ বা কোনো করই কাটা হবে না। তবে এই বিনিয়োগ যদি ৫ লাখ টাকার সীমা ছাড়িয়ে যায়, তবে নিয়ম অনুযায়ী কর দিতে হবে।
এনবিআরের এই সময়োপযোগী স্পষ্টীকরণের ফলে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ পুনরায় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র সঞ্চয়কারী এবং মধ্যবিত্ত পরিবারগুলো, যারা সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল, তাদের আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কাটবে।
এএন