দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দাম আজ সকাল সাড়ে ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকায় বিক্রি হবে।
বাজুস আরও জানায়, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলে তারা উল্লেখ করেন। এর আগে সবশেষ ২৩ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ১২ বার। উল্লেখ্য, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।
স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ১৯৯ টাকায় কেনাবেচা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি বছরে এখন পর্যন্ত ১৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১২ বারই দাম বেড়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল এবং সে সময় ১০ বার দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল মাত্র ৩ বার।
জেএইচআর