যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৬২ হাজার টন গম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:৫০ পিএম

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (জি-টু-জি) আওতায় এই দ্বিতীয় চালানটি আমদানি করা হয়েছে। এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছিল।

বর্তমান চালানের মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রামে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন চুক্তির আওতায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে। বাংলাদেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যার বিপরীতে দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টনের মতো। চাহিদার বাকি বড় অংশই সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানির মাধ্যমে মেটানো হয়। নিয়মিত এই আমদানির ফলে দেশের বাজারে গমের সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর