দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ৩০ মার্চ পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৫৭ দশমিক ৪৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রবর্তিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৩৫৯ দশমিক ০৭ মিলিয়ন বা ২৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২৯ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার। ওই দিন বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলার। মাত্র এক দিনের ব্যবধানে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়, যা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে গণনা করা হয়। বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের এই শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।
জেএইচআর