বাজারে মাছ মুরগি সবজিসহ তেলের দাম বেড়েছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০২:১৬ পিএম

 

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম চড়াও দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজিতে কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বৃদ্ধি এবং অনেক সবজির মৌসুম শেষ হয়ে আসায় বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে।

শুক্রবার রাজধানীর শান্তিনগর ও মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গোল বেগুন ও শিম প্রতি কেজি ৮০ টাকা, করলা, চিচিঙ্গা ও বরবটি ১০০ টাকা এবং পেঁপে ও শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দাম বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় ঠেকেছে। শীতকালীন সবজি ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। জ্বালানি তেলের অযুহাতে পরিবহন খরচ বাড়ার কথা বলে বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। সরকারি চাকরিজীবী মোহাম্মদ আলাউদ্দিন জানান, গত সপ্তাহে যে দামে সবজি কিনেছেন, আজ প্রতিটি পদেই বাড়তি টাকা গুনতে হচ্ছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতারা জানান, পাইকারি বাজারেই সবজির দাম বাড়তি। অনেক সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ পর্যাপ্ত নয়। তবে নতুন সবজি বাজারে উঠতে শুরু করলে আগামী কিছুদিনের মধ্যে দাম আবার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তারা। বর্তমানে লাউ প্রতি পিস ৭০-৮০ টাকা এবং সজিনা ৮০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

জেএইচআর