স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:৪১ পিএম

ইরান যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি আলোচনার অনিশ্চয়তা আরও ঘনীভূত হওয়ায় বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এতে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ১১ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৮৪ দশমিক ৩২ ডলারে নেমে আসে। একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৮ শতাংশ কমে ৪ হাজার ৬৯২ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, মূলত মার্কিন-ইরান চুক্তি নিয়ে তাৎক্ষণিক যে আশাবাদ তৈরি হয়েছিল তা ফিকে হয়ে যাওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। পাশাপাশি অপরিশোধিত তেলের দাম নতুন করে বৃদ্ধি পাওয়ায় স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

এর আগে গতকাল ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে প্রায় ১০ সপ্তাহ ধরে চলা সংঘাত দ্রুত শেষ হওয়ার আশা ভেঙে যায়। এই সংঘাতে ইরান ও লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এম জি