শনিবার ব্যাংক খোলা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ১১:৪৯ এএম

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটি শেষে ১ জুন থেকে সারা দেশে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

তবে ঈদের আগে গ্রাহকসেবা সচল রাখতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামীকাল শনিবার দেশের সব ব্যাংক শাখা খোলা থাকবে। এদিন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লেনদেন করা যাবে। একইভাবে রোববারও নিয়মিত ব্যাংকিং কার্যক্রম চলবে।

এদিকে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতে শিল্পঘন এলাকাগুলোর কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।

এ ছাড়া আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলোও সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসও বন্ধ থাকবে।

এম জি