মে মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ কোটি ডলার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৫:৫৬ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি বছরের মতো এবারও উৎসবকেন্দ্রিক খরচের কারণে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে, যার ফলে চলতি মে মাসজুড়ে বৈদেশিক আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে মোট ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি। টাকার হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ৩০৭ কোটি ২০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের রবিবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের মে মাসের প্রথম ২৩ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহও শক্তিশালী অবস্থানে ছিল। এর মধ্যে ২৩ মে একদিনেই এসেছে ১৭ কোটি ৩৬ লাখ ডলার।

গত বছর একই সময় অর্থাৎ ২০২৫ সালের মে মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬ লাখ ডলার। ফলে চলতি বছরে এই সময়ে বৈদেশিক আয়ে স্পষ্ট বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি ৯ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার। অর্থাৎ, এই অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।

এর আগে এপ্রিল মাসে দেশে এসেছে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। মার্চ মাসে প্রবাহ ছিল ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, এবং তৃতীয় সর্বোচ্চ ছিল একই বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ডলার, যা চতুর্থ সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

এম জি