আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের জন্য ৫ বিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগ ও আর্থিক সহায়তা পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে সংস্থাটির বার্ষিক ঋণসহায়তার পরিমাণ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবি সভাপতি মাসাতো কান্দা। বৈঠকে এই সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবি সভাপতির এই সফরকালেই ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি চূড়ান্ত ও সই হয়েছে।
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এডিবি সভাপতি মাসাতো কান্দা, বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নতুন ধাপে প্রবেশ করছে। অর্জিত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরি এবং আরও বৈচিত্র্যময় ও সংকটে টিকে থাকার মতো অর্থনীতি গঠনে এডিবি পাশে থাকবে।
এডিবি জানিয়েছে, 'ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ' নামের একটি বিশেষ কর্মসূচির অধীনে আগামী পাঁচ বছরে এই ৫ বিলিয়ন ডলারের তহবিল দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হলো দেশে বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান তৈরি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম প্রবৃদ্ধি নিশ্চিত করা।
নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় এক বিলিয়ন ডলার করে অর্থায়ন করা হবে, যা বাংলাদেশের জন্য এডিবির বর্ধিত বার্ষিক ঋণ সহায়তার কাঠামোর আওতাভুক্ত থাকবে।
বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণের পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার। মধ্যমেয়াদি পরিকল্পনায় তা বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই বাড়তি অর্থ দেশের বিনিয়োগ-নির্ভর উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন নিশ্চিতকরণ এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে স্থায়ী উত্তরণে ভূমিকা রাখবে।
এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি, সার ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের বিশেষ সহায়তা দেবে এডিবি।
এর পাশাপাশি বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের সুবিধার্থে আরও ২০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।
এএন