দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।
রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।
তবে ডিজেলের দাম বাড়ানো হয়নি। আগের মতোই প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি করা হয়।
সেই সিদ্ধান্তের ফলে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বৃদ্ধি পেল।
এম জি