ফ্যামিলি কার্ডে সাড়ে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৭:২২ পিএম

ফ্যামিলি কার্ডের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে সরকারের সিগনেচার প্রোগ্রাম হলো ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’। সরকার গঠনের ১ মাসের কম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেছেন।

এই কর্মসূচির মাধ্যমে পরিবারের প্রধান নারী মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।

অর্থমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে।

ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আমির খসরু বলেন, ৪১ লাখ নারীর বিপরীতে আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এম জি