বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:২৮ পিএম
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বাংলাদেশ থেকে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার পর তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের নিয়োগসংক্রান্ত ফাইল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই তার নিয়োগ কার্যকর হবে বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। তার স্থলাভিষিক্ত হয়েই আবদুর রহমান খান এ দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন এবং প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রমে অংশ নেন। ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প অনুমোদন, আর্থিক কার্যক্রম এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণে এ পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে থাকেন। আবদুর রহমান খানের নিয়োগ কার্যকর হলে তিনি বিশ্বব্যাংকের এসব গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এএন