ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০: ইন্টার্নশিপ প্রিপারেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিসিইএল ভবনে ডিআইইউ বিজনেস ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দিকনির্দেশনা দিতে এই সেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্নকারী এবং ইন্টার্নশিপ প্রত্যাশীরা।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারাজ-আলীবাবা গ্রুপের মানবসম্পদ বিভাগের সিস্টেম লিড ফাহাম কবীর। এছাড়া অংশ নেন সিটি ব্যাংকের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের সাবেক শিক্ষার্থী সাকিব হোসেন।
সেশনে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাওয়ার কৌশল, কার্যকর আবেদনপত্র তৈরির পদ্ধতি এবং ইন্টার্নশিপের সময় শিক্ষার্থীদের সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিজ্ঞ ইন্টার্নদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের প্রশ্নের উত্তর পান।
আয়োজন প্রসঙ্গে ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্পোরেট জগৎ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে বলে তারা আশা করেন।
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল শম্ভব। মিডিয়া পার্টনার হিসেবে ছিল রাইজিংবিডি ডটকম এবং পাবলিসিটি পার্টনার হিসেবে ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এম জি