ঢাবিতে গাছ থেকে পড়ে মালির মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৩:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল ইসলাম (৩৮) নামের এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হলের প্রভোস্ট বাংলোর বাগানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি বাঁশ নিয়ে কাঁঠাল পাড়ার জন্য গাছে ওঠেন সিয়াকুল। এ সময় একটি কাঁঠাল তাঁর গায়ের ওপর পড়লে তিনি ভারসাম্য হারিয়ে নিচে থাকা দেয়ালের ওপর ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়াকুল ইসলামের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।

জেএইচআর