বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম

ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিইউপির সিনেট হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

সভার শুরুতে উপাচার্য বিদায়ী সিনেট সদস্যদের ধন্যবাদ জানান এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। বক্তব্যে তিনি বলেন, বয়সে নবীন হলেও বিইউপির শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করছেন।

তিনি আরও বলেন, বিইউপি শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় নিয়মিত কাজ করছে। নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, চরিত্র গঠন, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগ্রত করতে পাঠদানের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য, জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

গবেষণার প্রসঙ্গে সিনেট চেয়ারম্যান বলেন, গবেষণালব্ধ জ্ঞান দেশ-বিদেশে ছড়িয়ে দিতে বিইউপি থেকে নিয়মিত আন্তর্জাতিক মানসম্পন্ন একাধিক গবেষণা জার্নাল প্রকাশ করা হচ্ছে। এছাড়া চতুর্থ শিল্পবিপ্লব ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতার ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই বিইউপি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় জানানো হয়, বিইউপির পশ্চিম ক্যাম্পাসে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সেখানে আধুনিক সুবিধাসম্পন্ন দৃষ্টিনন্দন ১৪ তলা তিনটি একাডেমিক ভবন- এফএএসএস, এফএসটি ও ইউটিলিটি বিল্ডিং নির্মাণ শেষ হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি ১৪ তলা আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুটি ১৪ তলা আবাসিক ভবনের নির্মাণও সম্পন্ন হয়েছে।

বক্তব্যের শেষাংশে উপাচার্য বলেন, আন্তর্জাতিকীকরণের ধারাকে আরও এগিয়ে নিতে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুসাংস্কৃতিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে বিইউপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান, জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি, জিডি(পি), ২০২৫-২০২৬ অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটের ওপর সিনেট সদস্যরা আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

এছাড়া সভায় বিইউপির ১৮তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সেটিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান, এনডিসি, পিএসসি।

১৮তম বার্ষিক সিনেট সভায় মাননীয় সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন