বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রোববার (৫ জুলাই) অথবা আগামীকাল সোমবার শিক্ষামন্ত্রী এটির অনুমোদন দিতে পারেন। অনুমোদন মিললে দুই থেকে তিন দিনের মধ্যেই বেতন পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) মোহাম্মদ মাহমুদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেতনের ফাইল অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন হাতে পাবেন।
তিনি আরও জানান, রোববার কিংবা সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফাইলটির অনুমোদন দিতে পারেন। এরপর বেতন সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হতে আরও দুই দিনের মতো সময় লাগতে পারে।
উপসচিব জানান, ইতোমধ্যে পার্সিয়াল ভিত্তিতে বেতন পরিশোধ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার শিক্ষক-কর্মচারী তাদের বেতন পেয়েছেন। বাকি শিক্ষক-কর্মচারীরাও আগামী তিন থেকে চার দিনের মধ্যে বেতন পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
এম জি