যে কারণে আজ ঢাবিতে আর্জেন্টিনার খেলা দেখানো

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৯:২৩ পিএম

আর্জেন্টিনা সমর্থকদের জন্য আজ এক হতাশাজনক খবর। মঙ্গলবার রাত ১০টায় বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বড় পর্দায় দেখা যাবে না। মূলত বৈরী ও প্রতিকূল আবহাওয়ার কারণেই এই জনপ্রিয় আয়োজনটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে এই মেগা স্ক্রিনিংয়ের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাথলেট স্পোর্টস গিয়ার’ এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখার সার্বিক সহযোগিতায় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে খেলা দেখানোর কথা ছিল। ভেন্যুগুলো হলো- টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ।

আয়োজকেরা জানান, খোলা মাঠে উন্মুক্ত বড় পর্দায় খেলা সম্প্রচারের ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি বড় ধরনের টেকনিক্যাল এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। মূলত এই কারণেই দর্শকদের বড় পর্দায় খেলা দেখার আয়োজন বাতিল করতে হয়েছে।

তবে আশার কথা হলো, আগামীকাল বুধবার (৮ জুলাই) আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথেই এই পাঁচটি ভেন্যুতে পুনরায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যথারীতি সম্প্রচার করা হবে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সবাইকে সুস্থ ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে।

জেএইচআর