মাদরাসা প্রধানদের জরুরি নির্দেশনা অধিদপ্তরের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:০৬ পিএম

দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানদের মেমিস (MEMIS) সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহারের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়্যারে যাচাই-বাছাই শেষে পরিশোধ করা হয়। এ কারণে সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রতিষ্ঠান প্রধানের বাধ্যতামূলক দায়িত্ব।

অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। এসব তথ্য প্রতিষ্ঠান প্রধানকেই নিজ দায়িত্বে নিরাপদে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারে কোনো ধরনের অনিয়ম বা এ-সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম জি