সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা, কর পরিশোধের তথ্য হালনাগাদ রাখা এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তিনটি পৃথক নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখা থেকে সম্প্রতি জারি করা তিনটি অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে ২০২৫-২৬ অর্থবছরের ১২ মাসের হিসাব বিবরণী ও কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) সংক্রান্ত তথ্য পাঠানো, পৌর কর ও ভূমি উন্নয়ন করের সর্বশেষ তথ্য জমা দেওয়া এবং নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
একটি নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করে পাঠাতে হবে। একই সঙ্গে কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) আদায়ের তথ্যও জমা দিতে হবে। এসব তথ্যের সফটকপি dtead1@gmail.com ই-মেইল ঠিকানায় এবং হার্ডকপি আগামী ১২ জুলাইয়ের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য এক নির্দেশনায় জানানো হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পৌর কর (কোড-৩৮২১১০৩) এবং ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০১) বাবদ বাজেট বরাদ্দের জন্য হালনাগাদ তথ্য প্রয়োজন। এ কারণে সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে প্রমাণকসহ সংশ্লিষ্ট কর পরিশোধের সর্বশেষ তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
এছাড়া ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। গত ১৭ জুন অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো নির্দেশনাগুলো সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
এম জি