প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষার অবসান ঘটছে আজ। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফলাফল দেখার জন্য তাদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ‘আইপিইএমআইএস’ পোর্টাল ব্যবহার করা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল সংগ্রহের সুযোগ থাকবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সহজেই নিজেদের ফল জানতে পারেন।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯০ হাজার।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী পাবে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি। মেধাবৃত্তির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাদ্দ রয়েছে ২৭ হাজার ৫০০টি এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি।
এ ছাড়া সাধারণ বৃত্তির আওতায় থাকবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২৫০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।
বর্তমান নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা করে বৃত্তি পাবে। পাশাপাশি তারা বছরে এককালীন ২২৫ টাকা অতিরিক্ত সহায়তা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তির পরিমাণ ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন অনুদানও ২২৫ টাকা নির্ধারিত রয়েছে।
এএন