২ হাজার ৪৯ ভোটকেন্দ্র অনুপযোগী, সংস্কারে দরকার ১১০ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৮:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২ হাজার ৪৯টি ভোটকেন্দ্রকে অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এসব ভোটকেন্দ্র সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ২৭ লাখ টাকা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) থেকে ভোটকেন্দ্র সংস্কারের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন এক হাজার ৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামতে ব্যয় হবে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া ৫৫৯টি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা।

এরই মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদফতর প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য শিক্ষা সচিবকে চিঠি পাঠিয়েছে। সেই চিঠির অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

ইএইচ