আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো, আর গণভোটের ব্যালটের রং গোলাপি হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণাকালে নির্বাচন কমিশনার এসব কথা জানান।
সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হয়।
সিইসি তার ভাষণে তফসিলের ঘোষণা দিয়ে জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করে গতকাল রায় দিয়েছে আপিল বিভাগ। কমিশন আদালতের রায় বাস্তবায়ন করে বিন্যাস করা সীমানা আগের, অর্থাৎ দ্বাদশ সংসদীয় আসনের মতো পুনর্বহাল করেছে। গতকাল রাতেই কমিশন অনুমোদন দিয়ে ৩০০ সংসদীয় আসনের গেজেট পুনরায় জারি করেছে। ফলে আগের মতো বাগেরহাটের আসন চারটি এবং গাজীপুরের আসন পাঁচটি বহাল থাকল।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
ইএইচ