নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টায় জড়িতদের দমনে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা এবং দুটি নির্বাচন অফিসে আগুন লাগানোর চেষ্টার মতো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সামনেও চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তাই কঠোর হস্তে এগুলো দমন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডেভিল হান্ট' চলাকালে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ অভিযুক্ত কারামুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে কমিশনার বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালাতে বলা হয়েছে। সব বাহিনীর গোয়েন্দারা নিজেদের মধ্যে তথ্য সমন্বয় করবেন এবং সীমান্তে সতর্ক থাকতে বলা হয়েছে।
ইসি সানাউল্লাহ বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে পাশের মানুষটি নিয়ে সতর্ক থাকতে হবে। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত না হয়, সেই বার্তা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, ওসমান হাদীর উপর হামলা করে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদেরকে সফল হতে দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা সখ্যতা গড়ে তুলে নাশকতা ঘটাতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যাদের ‘ডেভিল হান্টে’ ধরা হয়েছিল, তাদের বড় অংশ জামিন পেয়েছে, যাদের অতীত ও ক্রিমিনাল রেকর্ড আছে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকে। এই সুযোগে সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
প্রচারণার সামগ্রী অপসারণের বিষয়ে তিনি বলেন, নির্বাচন প্রচারণার সামগ্রী অপসারণ না করলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন এবং এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। প্রার্থীরা কোনো অবস্থাতেই অস্ত্র বহন করতে পারবেন না বলেও তিনি জানান।
জেএইচআর