নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ ২৬ দেশকে আমন্ত্রণ জানাল ইসি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:০৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে নাসিরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। 

এই বিশাল কর্মযজ্ঞ পর্যবেক্ষণের জন্য ভারত, পাকিস্তান, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ এবং ৭টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থা থেকে মোট ৮৩ জন প্রতিনিধিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিদেশি এই পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বিশ্বদরবারে আরও সুদৃঢ় হবে বলে আশা করছে ইসি। আমন্ত্রিত প্রতিনিধিদের বাংলাদেশে অবস্থানকালীন আবাসন ও খাবারের যাবতীয় ব্যয়ভার নির্বাচন কমিশন বহন করবে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমার, পাকিস্তানের সিকান্দার সুলতান রাজা এবং নেপালের রাম প্রসাদ ভাণ্ডারিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ভুটানের ডিকি পেমা, শ্রীলঙ্কার আর এম এ এল রত্নায়েকে, মালদ্বীপের মোহাম্মদ জাহিদ এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নির্বাচনী প্রধানদের নাম তালিকায় রয়েছে।

পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানের ফুরুয়া মাসাতাকা এবং দক্ষিণ কোরিয়ার রো তায়ে-আক আমন্ত্রণ পেয়েছেন। পশ্চিমা ও অন্যান্য প্রভাবশালী দেশগুলোর মধ্যে কানাডার স্টিফেন পেরাল্ট, ফ্রান্সের রিচার্ড ফেরান্ড, রাশিয়ার এলা আলেকজান্দ্রোভনা পামফিলোভা, অস্ট্রেলিয়ার জেফরি পোপ এপিএম এবং নিউজিল্যান্ডের কার্ল লে কুয়েনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

তালিকায় আরও রয়েছে তুরস্ক, জর্ডান, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, রোমানিয়া, মালয়েশিয়া ও মঙ্গোলিয়া।

দেশগুলোর পাশাপাশি ৭টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর মধ্যে রয়েছেন সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার, কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে, ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, এনডিআই-এর প্রেসিডেন্ট তামারা উইটেস, আইআরআই-এর ড্যানিয়েল টুইনিং, আনফ্রেল-এর রোহানা এন হেতিয়ারাচ্চি এবং এ-ওয়েব এর সেক্রেটারি ড. হার্নান পেনাগোস জিরাল্ডো।

আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা তুলে ধরতেই কমিশনের পক্ষ থেকে এই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জেএইচআর