তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:৩৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা হলেও মাধবপুরে শ্বশুরবাড়ি হওয়ার সূত্রে তিনি এই আসন থেকে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাহেরির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে। উল্লেখ্য, এই প্রতিটি মামলাই ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা হয়েছে। পেশা হিসেবে তিনি হলফনামায় 'ব্যবসা' উল্লেখ করেছেন। 

তবে বিষয়টি স্পষ্ট করে তিনি জানান, ওয়াজ মাহফিল থেকে প্রাপ্ত সম্মানীকেই তিনি ব্যবসার আয় হিসেবে দেখিয়েছেন।

তাহেরির বার্ষিক আয়ের প্রধান উৎস মাহফিলের সম্মানী, যা বছরে প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। এছাড়া কৃষি খাত থেকে ২৬ হাজার ৪০০ টাকা এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা আয় হয় তার। অস্থাবর সম্পদের মধ্যে তাঁর কাছে নগদ ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা জমা রয়েছে।

ব্যক্তিগত সম্পদের বিবরণে তাহেরি জানিয়েছেন, তার নামে ৩১ ভরি স্বর্ণ রয়েছে, যার অর্জিত মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। এই স্বর্ণ তার স্ত্রী ও কন্যারা ব্যবহার করেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া স্ত্রীর নামে কোনো আলাদা সম্পদ বা অলংকার নেই। তাঁর আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা।

স্থাবর সম্পদের ক্ষেত্রে তাহেরি জানান, পরিবারের প্রধান হিসেবে সব সম্পত্তি তাঁর নিজের নামেই কেনা। এর মধ্যে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের কৃষিজমি রয়েছে। হলফনামায় দেওয়া সকল তথ্য সত্য বলে দাবি করেছেন এই প্রার্থী।

ইএইচ