রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ডেকেছে ইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৪২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদান শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোট প্রক্রিয়া ও অ্যাপ ব্যবহারের বিষয়ে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন আগামীকাল ২০ জানুয়ারি এক বিশেষ কারিগরি ব্রিফিং আয়োজন করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

ইসি জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল থেকে দুই জন টেকনিক্যাল প্রতিনিধি ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা মনোনীত টেকনিক্যাল প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসী ভোটাররাও, যারা ইতোমধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ব্রিফিংয়ে মূলত আলোচনা হবে কীভাবে পুরো প্রক্রিয়া ডিজিটালি সম্পন্ন হবে এবং এর নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে। 

নির্বাচন কমিশন এ ব্রিফিং আয়োজনের মাধ্যমে পোস্টাল ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক দলগুলোর সংশয় দূর করতে চায়।

ইএইচ