দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠনে শাপলা কলিতে ভোট চান নাবিলা তাসনিদ

মাসুদ রানা, ধামরাই (ঢাকা) প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০১:৩২ পিএম

পরাজিত ফ্যাসিবাদ নতুন কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তাদের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক দিয়েছেন ঢাকা-২০ ধামরাই আসনে দশ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

মঙ্গলবার দিনব্যাপী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি ভোটারদের প্রতি এই আহ্বান জানান।

ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন সেই আন্দোলনেরই ধারাবাহিকতা। আপনারা যদি একটি সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও ন্যায়ের শাসন চান, তবে ১২ ফেব্রুয়ারি শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে নিজের ভোট নিজেই পাহারা দেবেন। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ হ্যাঁ/না ভোট অনুষ্ঠিত হবে, যা হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণরায়। এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক হবে নাকি আবার স্বৈরাচারী শাসনের দিকে ফিরে যাবে। তিনি আরও বলেন, হ্যাঁ ভোট বিজয়ী হলে দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হবে। উচ্চকক্ষে ১০০ জন প্রতিনিধি থাকবেন, যার ফলে কেউ চাইলেই ইচ্ছামতো সংবিধান পরিবর্তন বা আইন প্রণয়ন করতে পারবে না।

গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও লিফলেট বিতরণে অংশ নেন। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা নায়েবে আমির কাজী মাওলানা মো. আব্দুর রউফ, রোকন, রাজু আহমেদ, সেলিম ও আলতাফ হোসেন।

এ ছাড়া এনসিপির ঢাকা জেলা সংগঠক রাসেল মোল্লা, ঢাকা উত্তর সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানন, আসিকুর রহমান ও ছাত্রশক্তির সদস্য সচিব কাওসার আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ