রাজধানীর অপরিকল্পিত উন্নয়নের শিকার ঢাকা-৪ এলাকাটি কর্তৃপক্ষের অবহেলায় রয়েছে এমন অভিযোগ তুলে ময়লার ভাগাড়ের পাশে বসেই নিজের নির্বাচনী ইশতেহার দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।
শুক্রবার দুপুরে জুরাইন-দয়াগঞ্জ রাস্তার পাশে মুন্সিবাড়ী মোড়ের ময়লার ভাগাড়ের পাশে সংবাদ সম্মেলন করে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ীর আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিজানুর রহমান। এলাকার বিভিন্ন সমস্যা সামনে আনার জন্য তিনি আগে থেকেই আলোচনায় রয়েছেন। বিশেষ করে দূষিত পানি নিয়ে প্রতিবাদ করার পর তার নামের আগে ‘ওয়াসা মিজান’ শব্দটি যোগ হয়েছিল।
ফুটবল প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহারে মহল্লা সংস্কৃতি ফিরিয়ে এনে ‘গলি সমাজ’ গঠনের মাধ্যমে নাগরিক সমস্যার সমাধানে জবাবদিহির কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ছাড়া সংসদ সদস্যের কাছে পৌঁছানো ও তার জবাবদিহির জন্য ‘এমপি হটলাইন ও ওয়েবসাইট’ চালু এবং জলাবদ্ধতা নিরসনে রাস্তা উঁচু করার বদলে সুলভে ড্রেন পরিষ্কার রাখার সহজ পদ্ধতির কথা বলা হয়েছে।
ইশতেহারে তিন মাসের মধ্যে রাস্তা মেরামতের উদ্যোগ এবং ‘রাস্তা সুরক্ষা চার্টার’ বা ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, যেকোনো কর্তৃপক্ষ রাস্তা খুঁড়লে গলি সমাজের সাথে সমন্বয় করে সাত দিনের মধ্যে কাজ শেষ করে রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। গ্যাস ও পানির সংকট নিরসনে তিতাস ও ওয়াসাকে বাধ্য করার পাশাপাশি ন্যায্যমূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।
ইশতেহারের অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বর্জ্য সংগ্রহে আধুনিক ব্যবস্থা চালু করা, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া, রেললাইনের দুই পাশে দেশীয় প্রজাতির গাছ লাগানো এবং দূষণকারী কারখানার তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া। এ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি বাড়িতে ‘ডেঙ্গুযোদ্ধা’ তৈরি এবং প্রতি মাসে ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নারীদের নিরাপত্তার জন্য একটি ‘নারী নিরাপত্তা নেটওয়ার্ক’ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ইশতেহারে। পাশাপাশি হকারদের উচ্ছেদ না করে সুশৃঙ্খল ব্যবস্থায় আনা এবং জাতীয় পর্যায়ে দেশবিরোধী ও প্রাণপ্রকৃতিবিরোধী প্রকল্প বন্ধে সংসদে লড়াই করার অঙ্গীকার করেছেন মিজানুর রহমান।
ইএইচ