হাসনাত আবদুল্লাহ

বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে প্রতিরোধ করা হবে

নুরুল আমিন, খুলনা প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:১৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা একটা লড়াইয়ের মধ্যে রয়েছি। ১২ তারিখ আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, আর একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। আমরা এ বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে প্রতিরোধ করব। জনতাকে সাথে নিয়ে এ প্রতিরোধ গড়ে তোলা হবে।’

শনিবার খুলনা-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সমর্থনে খুলনার ফুলতলায় এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের আগে বায়তুল মোকাররমের সামনে লগি-বৈঠা থেকে শুরু করে সর্বশেষ ওসমান হাদির শাহাদাত বরণের মধ্য দিয়ে দীর্ঘ লড়াইয়ের পর এ নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন পেতে সহস্র মানুষকে শহীদ ও অসংখ্য মানুষকে গুম হতে হয়েছে। হাসিনা সারা বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছিলেন।

প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে করা হয়েছে। মৃত মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দেওয়া হয়েছে। এসব হয়েছে ওপর মহলের নির্দেশে। এবারের নির্বাচন শহীদদের রক্তে অর্জিত। কোনো পুলিশ সদস্য যেন অবৈধ টাকার মোহে না পড়েন। যদি আবার ব্যালট বাক্স ভরে দেওয়ার চেষ্টা করা হয়, তবে জনগণের বিদ্রোহ সামলানো যাবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, অনেক সাংবাদিক সত্য তুলে ধরতে চাইলেও মালিকানার কারণে পারেন না। একটি গোষ্ঠী টেলিভিশন ও সরকারি প্রতিষ্ঠান দখল করে মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে। নির্দিষ্ট দলের প্রচারণা চালালে সেই গণমাধ্যম আর গণমাধ্যম থাকে না, দালালে পরিণত হয়। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান।

ডুমুরিয়া ও ফুলতলা এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, একটি দল কালো টাকা নিয়ে নির্বাচনে নেমেছে। ভোটের আগে টাকা নিয়ে পাঁচ বছর গোলামি করবেন, নাকি বিনা পয়সায় ভোট দিয়ে সেবা নেবেন সেই সিদ্ধান্ত ভোটারদের নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, ভোট বিক্রি করলে পাঁচ বছর গোলামি করতে হবে।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা যারা জিয়ার আদর্শে ও বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমাদের দরজা আপনাদের জন্য খোলা। ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আগামী ১২ তারিখ আপনাদের ভোট হোক দাড়িপাল্লা মার্কার পক্ষে।’

জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে সভায় জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আযম হাদি এবং মহানগরী সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী উপস্থিত ছিলেন।

ইএইচ