ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে এই ঘোষণা দেওয়া হয়।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। এর ফলে নির্বাচনের দিন তথ্য সংগ্রহ এবং তাৎক্ষণিক সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি ফিরল।
এর আগে গত রোববার নির্বাচন কমিশনের এক নির্দেশনায় জানানো হয়েছিল যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন রাখতে পারবেন না। সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিটি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছিল।
আগের ওই চিঠিতে বলা হয়েছিল যে কেবল প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং বিশেষ সুরক্ষা অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ফোন বহন করতে পারবেন। এই নিষেধাজ্ঞার খবর জানাজানি হওয়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছিলেন। বিশ্লেষকরা মনে করেছিলেন যে এই ধরনের বিধিনিষেধের কারণে ভোটাররা কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারেন এবং নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন মহলের আপত্তির মুখে আজ নির্বাচন কমিশনার স্পষ্ট করলেন যে সাংবাদিক ও অনুমোদিত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এর ফলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে আর কোনো কারিগরি বাধা থাকছে না।
জেএইচআর