রাজাবিহীন রাজ্যে আজ ধ্বংসের খেলা চলছে: সাইমন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৫:১১ পিএম

অভিনয় দক্ষতা দিয়ে নানান বয়সী দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন নায়করাজ রাজ্জাক। সেলুলয়েডের ফিতায় বন্দি তার অসংখ্য অমর চরিত্র আজও দর্শকদের স্মৃতিকাতর করে। আজ এই কিংবদন্তির পঞ্চম মৃত্যুবার্ষিকী।

২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক।

আজকের দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষেরা। নায়করাজের প্রতি সম্মান জানিয়ে চিত্রনায়ক সাইমন সাদিক তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘রাজাবিহীন রাজ্যে আজ ধ্বংসের খেলা চলছে। আপনার রাজ্যের সুনাম আমরা প্রতিনিয়ত নষ্ট করছি জনাব। কিন্তু জনাব, চিন্তা করবেন না। এখানে নিশ্চয় আবার ভালোবাসার খেলা হবে। আর জান্নাত থেকে আপনি হাসবেন। মহান আল্লাহ আপনাকে জান্নাত দান করুন স্যার।’

এবি