ব্রডওয়ে তারকা জশ গ্রিসেত্তির বিদায়, শোকের ছায়া হলিউডে

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:২০ পিএম

ব্রডওয়ে থিয়েটার ও মার্কিন টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জশ গ্রিসেত্তি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। সোমবার অভিনেতার পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জুলাই আত্মহত্যা করে মারা যান এই অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃখজনক তথ্য প্রকাশ্যে আনেন ‘সামথিং রটেন’ নাটকে তাঁর সহ-অভিনেতা রব ম্যাকক্রুর। এই ক্ষতি মেনে নেওয়ার মতো নয় উল্লেখ করে তিনি জশ গ্রিসেত্তির স্ত্রী ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুর কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টে জশ গ্রিসেত্তি জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে তিনি ‘ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যাল’-এর “লিগ্যাল ব্লন্ড” নাটকের উদ্বোধনী প্রদর্শনীর আগেই অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুর খবরে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, জশ ছিলেন অত্যন্ত প্রেমময় ও যত্নশীল একজন মানুষ, যিনি বন্ধু, শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

ব্রডওয়ে মঞ্চে ‘সামথিং রটেন’ নাটকে ‘নাইজেল বটম’ চরিত্রে অনন্য অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন জশ গ্রিসেত্তি। এছাড়া মিউজিক্যাল কমেডি ‘ইট শুডা বিন ইউ’, ‘ব্রডওয়ে বাউন্ড’, ‘রেন্ট’ এবং ‘পিটার অ্যান্ড দ্য স্টারক্যাচার’-এর মতো বিখ্যাত মঞ্চনাটকে কাজ করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

মঞ্চের পাশাপাশি হলিউড টেলিভিশন ও চলচ্চিত্র জগতেও তাঁর সফল পদচারণা ছিল। বিশেষ করে এমি-জয়ী জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেজেল’-এর পঞ্চম সিজনে কমেডি লেখক রালফ এমারসন চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এছাড়া ‘দ্য গুড ফাইট’, ‘নার্স জ্যাকি’ এবং ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দ্য নেমসেক’ ও ‘রেভোলিউশনারি রোড’-এর মতো চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

জেএইচআর