রাজ-টয়ার নতুন ‘ইনফিনিটি’ এখানেও মিম গুঞ্জন!

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ০১:২২ এএম

দেশীয় ওয়েব সিরিজের শুরুর দিকে যে দু-একটি কনটেন্ট দর্শকদের মুগ্ধ করেছে, তার মধ্যে অন্যতম অ্যাকশন-থ্রিলার ‘ইনফিনিটি’। যাতে জুটি বেঁধে প্রশংসা কুড়ান শরিফুল রাজ ও মুমতাহিনা টয়া। ২০২০ সালে বিঞ্জ অ্যাপে সাত পর্বের এই সিরিজ উন্মুক্ত হয়। দুবছর পর ফের একই গল্পের ধারাবাহিকতা নিয়ে হাজির হচ্ছেন রাজ-টয়া।

গত ১৫ দিন নতুন সিজনের টানা শুটিং সেরেছেন তারা। যে শুটিংয়ের অংশ হিসেবে লোকমুখে উঠে এসেছে সময়ের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিমের নামও! কারণ, অনেকেই মনে করেন ‘পরাণ’, ‘দামাল’ সফলতার পর রাজের পাশে এখন মিমেরই থাকার কথা! সে সম্ভাবনাও যে তৈরি হয়নি, তা নয়। তবে সে গল্প বা গুঞ্জনে যাওয়ার আগে নতুন সিজনের গল্প শোনা যাক রাজের নায়িকা টয়ার কণ্ঠে।

গতকাল শনিবার এই মডেল-অভিনেত্রী মিডিয়াকে বলেন, ‘টানা শুটিং করলাম। পুরান ঢাকার সূত্রাপুর, সদরঘাট, মিরপুর, আফতা নগরসহ অনেক লোকেশনে। এটা আসলে অন্যরকম এক অভিজ্ঞতা। প্রথম সিজনে আমাদের যে গল্প ভাবনা আর শুটিং আয়োজন ছিল, এবার দুটোই দ্বিগুণ। গল্পের প্রয়োজনে পুরোনোদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন অনেকেই। আমার ধারণা, এবারের পর্বগুলো দেখে দর্শক আরও রোমাঞ্চিত হবে।’

টয়া জানান, এবারের সিজনে যুক্ত হয়েছেন সজল নূর, সামিয়া অথৈ, সাঞ্জু জনসহ বেশ কজন। যথারীতি মূল দুই চরিত্রে অ্যাজেন্ট মুরাদ ও অ্যাজেন্ট সামিয়া চরিত্রে থাকছেন রাজ-টয়া। কিন্তু গুঞ্জন রয়েছে, এই সিজনে রাজের পাশ থেকে সরে যাওয়ার কথা ছিল টয়ার। যুক্ত হওয়ার কথা ছিল বিদ্যা সিনহা মিমের।

যদিও শেষ পর্যন্ত সেটি যে হয়নি, তা টের পাওয়া গেছে টয়ার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা নতুন সিজনের স্থিরচিত্র থেকে। রাজের পাশে অস্ত্র উঁচিয়ে বীরের বেশে মিম নন, দাঁড়িয়ে আছেন প্রথম সিজনের টয়াই।

এ প্রসঙ্গে টয়া বললেন বিস্তারিত, ‘দেখুন এখানে লুকোচুরি কিছু নেই। মিম আপুর কাজ করার কথা ছিল এই সিজনে, এটুকু সত্যি। তবে সেটি আমার চরিত্রে নয়।

রাজ-আমি দুজনেই এজেন্ট হিসেবে এই গল্পে ফিক্স। যেহেতু এবারের সিজনের পরিসর আরও বড়, তাই একটি নতুন চরিত্রের জন্য ওনাকে ভাবা হয়েছিল। নির্মাতার সঙ্গে আলাপও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই সরে আসেন।’ তবে কি তাদের এই সরে যাওয়ার কারণ পরী-রাজ-মিমের চলমান পারিবারিক গোলমাল! এমন মন্তব্য উড়িয়ে দিলেন টয়া।

বললেন, ‘মিম কিন্তু এখন সবচেয়ে জনপ্রিয় ও সফল নায়িকা। রাজ ভাইয়েরও একই অবস্থা। তাদের এই অবস্থানটাকে আমাদের ইগনোর করার সুযোগ নেই। রাজ তো আগে থেকেই এই প্রজেক্টের অংশ। কিন্তু মিম আপুকে যুক্ত করতে হলে তো তার চরিত্রটা সেই মাপের দিতে হবে। তাকে সেভাবে এক্সপোজ করতে হবে। মূলত সেই ভাবনা থেকেই সিজন তিন-এর জন্য তাকে তুলে রাখা হয়েছে বলেই আমি জানি। বাকিটা নির্মাতা ভালো বলতে পারবেন।’ ‘ইনফিনিটি’ সিজন ২ নির্মাণ করছেন মেহেদী হাসিব।

চিত্রনাট্য ও সংলাপ ম্যাক্স রহমান। এবারও সাত পর্বে সাজানো হচ্ছে সিরিজটিকে। প্রথম সিজনে দেখা গেছে পুলিশ স্পেশাল ব্রাঞ্চের দুই সদস্য/অ্যাজেন্ট রাজ ও টয়া। দুজনেই বেশ নামকরা। তাদের বস ছিলেন সুমন আনোয়ার। প্রথম সিজনের শেষ পর্বে দেখা যায়, রাজ-টয়া যে অপারেশনটা হাতে পেয়েছেন, সেটার মূল প্ল্যানার তাদেরই বস! যেটি প্রকাশ হওয়ার পর মেরে ফেলা হয় সুমন আনোয়ারকে। নতুন সিজনের শুরুটা হচ্ছে এখান থেকেই।

শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে টয়া বলেন, ‘আমরা আসলে শুটিং করিনি। মনে হয়েছে সত্যিকারের অপারেশন করছি। এমনকি শুটিংয়ের সময় অনেক সাধারণ মানুষও ভেবেছেন আমরা বুঝি সত্যিকারের কোনো ক্রিমিনাল ধরতে এসেছি! মানে, পুরো আয়োজনে সে চেষ্টাটা ছিল ইউনিটে।’