‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, নৃশংসতা আর প্রেমের রোমহর্ষক আভাস

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৩৬ এএম

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকাই চলচ্চিত্রে বইছে নতুন সিনেমার হাওয়া। সেই তালিকায় দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ১৩ সেকেন্ডের এই ট্রেলারটি আক্ষরিক অর্থেই এক অন্ধকার ও নৃশংস গল্পের আভাস দিয়েছে।

ট্রেলারের শুরুতে সিয়ামের কণ্ঠে শোনা যায় এক গম্ভীর দার্শনিক সংলাপ ‘মানুষ বলে নারী কিসে আটকায়? আমি বলি নারী আটকায় লোভে। আর লোভে পাপ...।’ এরপরই পর্দায় ভেসে ওঠে একের পর এক রক্তক্ষয়ী খুনের দৃশ্য। তবে এই ভয়াবহতার সমান্তরালে দেখা গেছে এক গভীর প্রেমের গল্পও। যেখানে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির বিপরীতে রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন সিয়াম। সি-প্লেনে ভ্রমণ আর বিলাসবহুল জীবনের দৃশ্যে ফুটে উঠেছে তাদের রসায়ন।

কিন্তু প্রেমের এই স্নিগ্ধতা মুহূর্তেই মিলিয়ে যায় চরম অ্যাকশন আর উত্তেজনায়। খলনায়কের উদ্দেশে সিয়ামের হুংকার ‘তুই যদি ওদের বাপ হোস, তাইলে আমি তোর বাপেরও বাপ!’ দর্শকদের মনে শিহরণ জাগিয়েছে রক্তে ভেজা শরীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাঁর ‘আইতাছি’ সংলাপটি।

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের আগের আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর জনপ্রিয় চরিত্র ‘জিল্লু’র (শ্যাম ভট্টাচার্য) প্রত্যাবর্তন দেখা গেছে এই ট্রলারে। ভিডিও কলে সিয়ামের ‘হেয় জিল্লু, খাইয়া দে’ সংলাপটি দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এছাড়া ট্রলারের শেষে একটি মেডিকেল চেম্বারের দৃশ্যে ডার্ক কমেডির উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, তাঁর আগের কাজ ‘বরবাদ’-এর চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্স থাকছে এই সিনেমায়। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার সুস্মিতা চ্যাটার্জির।

সিনেমাটি আগামী ঈদুল ফিতরে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিয়ামের এই নতুন ও ভয়ংকর রূপ দর্শকদের এক ভিন্নধর্মী স্বাদ দেবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন।

জেএইচআর