ঈদের সিনেমা দৌড়ে শুরুটা খুব জোরালো না হলেও ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছে সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’। প্রথম দিনের তুলনায় পরের দুই দিনে আয় বাড়িয়ে বক্স অফিসে স্থিতিশীলতা দেখিয়েছে সিনেমাটি।
বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ১৩.৯৩ লাখ টাকা আয় করে যাত্রা শুরু করে ‘রাক্ষস’। দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২০.২৮ লাখ টাকায়। তৃতীয় দিনেও ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে সিনেমাটি আয় করে ২১.৯২ লাখ টাকা। তিন দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৬.১৪ লাখ টাকা।
বিশেষ করে মাল্টিপ্লেক্সে সিনেমাটির পারফরম্যান্স নজর কাড়ার মতো। তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ২২টি শোর মধ্যে ১৮টিই ছিল হাউজফুল, যা দর্শক আগ্রহের স্পষ্ট ইঙ্গিত দেয়।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন সুস্মিতা চ্যাটার্জি। প্রেমের গল্পকে ঘিরে তৈরি হলেও এতে অ্যাকশন ও ভায়োলেন্সের মিশ্রণ দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করেছে।
মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘রাক্ষস’। সংশ্লিষ্টদের আশা, এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে সিনেমাটির আয় আরও বাড়তে পারে।
এএন