১১ কেজি গাঁজাসহ মুম্বাই বিমানবন্দরে মডেল গ্রেপ্তার

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:০৫ পিএম

ভারতের মুম্বাইয়ে ১১ কেজিরও বেশি উচ্চমানের গাঁজাসহ (হাইড্রোপনিক মারিজুয়ানা) হার্শা সানি (২৮) নামের এক মডেল গ্রেপ্তার হয়েছেন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে শুল্ক বিভাগের কর্মকর্তারা তাঁকে আটক করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হার্শা সানি। বিমানবন্দরে দায়িত্বরত এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) ও শুল্ক বিভাগের কর্মকর্তারা তাঁর ট্রলি ব্যাগ তল্লাশি করে ১২টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করেন। পরে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) কিট ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধারকৃত প্যাকেটগুলোতে উচ্চমানের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’ রয়েছে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত ১১ কেজির বেশি ওজনের এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি। ‘মিসেস কেরালা’ ২০২৫ প্রতিযোগিতার সাবেক এই প্রতিযোগীকে ফোর্টের একটি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদকের এই চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোথাও কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জেএইচআর