ছোট পর্দার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাসে বসবাস করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে সম্প্রতি বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্ত হয়ে একটি ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
ভিডিও বার্তার শুরুতেই ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, কোনো ভক্ত যদি তার কাজ পছন্দ করে এবং হঠাৎ কোথাও দেখা হয়, সেটি একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে। কিন্তু কোনো ধরনের শিষ্টাচার না মেনে সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করা অত্যন্ত অশোভন বলে মন্তব্য করেন তিনি।
বিয়ে, জন্ম ও মৃত্যু সৃষ্টিকর্তার ইচ্ছাধীন উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় মানুষের নিয়ন্ত্রণে নয়। তার ভাষায়, যদি ভাগ্যে বিয়ে লেখা থাকে, তবে তা হবেই; আর না থাকলে জোর করে সম্ভব নয়। ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
নিজের জীবনের সংগ্রামের প্রসঙ্গ টেনে প্রভা জানান, তার জীবনের নানা কঠিন সময় ও অভিজ্ঞতা সম্পর্কে একমাত্র সৃষ্টিকর্তাই অবগত। এ কারণে অন্য কারও কাছে নিজেকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না। তার মতে, নিজের অবস্থান ও বোঝাপড়া সৃষ্টিকর্তার সঙ্গে ঠিক থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় কৌতূহল ও প্রশ্ন তোলার প্রবণতার সমালোচনাও করেন তিনি। প্রভার মতে, একজন নারী যতই আধুনিক বা কর্মমুখী হোক না কেন, দিনশেষে সে একটি স্থিতিশীল সংসার চায়। এমনকি যারা ভাঙা সম্পর্ক বা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের মনেও থাকে না বলা কষ্ট।
তিনি আরও বলেন, সন্তান হওয়াও সৃষ্টিকর্তার দান। অনেক সময় কেউ না চাইলেও সন্তান হয়, আবার কেউ চাইলেও পায় না। তাই এ ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে প্রশ্ন করে কাউকে কষ্ট দেওয়া উচিত নয় বলেও মনে করেন এই অভিনেত্রী।
এম জি