ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন এবং ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন।
শনিবার ১৬ মে দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন।
সুবাহ দাবি করেন, শান্তিপূর্ণ ও সুন্দর সংসারের প্রত্যাশায় তিনি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং আবেগগতভাবে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন।
তার ভাষ্যমতে, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে নীরব থাকতে চাপ দেওয়া হতো, নইলে সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও হেয় করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে স্বামীর সম্পর্কের বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
সুবাহ বলেন, বিয়ের খবর প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং এরপর থেকে তিনি নিয়মিতভাবে হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন।
তার দাবি, এসব ঘটনার প্রমাণ তার কাছে রয়েছে এবং উপযুক্ত সময় এলে তা প্রকাশ করবেন। বর্তমানে তিনি গভীর মানসিক কষ্টে আছেন বলেও উল্লেখ করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এম জি