স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৩:০৭ পিএম

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এই অভিনেতা। ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তাঁর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস-এর বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। বাসার মালিকসহ স্বজনরা মিলে তাৎক্ষণিকভাবে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলার এজাহারে অভিযোগ করেন তিনি। ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয় এবং তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে।

জেএইচআর