পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই ভিন্নধর্মী চরিত্র আর নিখুঁত অভিনয়ের মেলবন্ধন। বাংলাদেশ ও কলকাতার পাশাপাশি বলিউডেও নিজের দক্ষতার স্বাক্ষর রাখা এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই।
শুক্রবার প্রকাশ পেয়েছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত ট্রেলার। ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পাশাপাশি জীবন ও সম্পর্কের জটিলতা নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জয়া আহসান।
সোশ্যাল মিডিয়া পোস্টে জয়া লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।
সম্পর্কের নানা স্তর নিয়ে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।
কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল বা পরবর্তী কিস্তি। প্রথম সিনেমাটি সম্পর্কের ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার মতো সূক্ষ্ম আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়ে দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
নতুন সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেন, “‘অর্ধাঙ্গিনী’ অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প ছিল। সেই গল্পের পরবর্তী অধ্যায়ে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।”
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আগের কিস্তির মতোই প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ ছাড়া নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্যকে। আগামী ১০ জুলাই মুক্তির পরই জানা যাবে, প্রথম সিনেমার সেই আবেগঘন যাত্রাকে এই নতুন অধ্যায় কতটা ছাড়িয়ে যেতে পারে।
জেএইচআর