নির্বাচনে হেরে টাকার কাছে ভোট বিক্রির অভিযোগ তুললেন পলি

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:৩২ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এবারের নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পলি। এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করেছেন, কিছু শিল্পী টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করেছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে আল্লাহর কাছে বিচারও দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পলি লিখেছেন, “কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ, বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ করবে।”

এর আগে আরেকটি ফেসবুক পোস্টে সিনিয়র অভিনেত্রী রোজিনাকে ট্যাগ করে পলি লেখেন, রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণির শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।

তবে ক্ষোভের পাশাপাশি যারা পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি এই নায়িকা। আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু ও জয় প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন পলি। নির্বাচনে তিনি ভোট পান ১৪৪টি। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। এ ছাড়া ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জয় এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।