বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী গৌরী স্প্র্যাট। ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা হিসেবে পরিচিত গৌরীর ব্যক্তিগত জীবন, পেশা ও সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।
রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। দীর্ঘদিনের সম্পর্কের পর তারা বৈবাহিক জীবনে পা রাখেন।
ভারতের বিভিন্ন গণমাধ্যম ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ম্যাজিকব্রিক্সের তথ্য অনুযায়ী, গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৪ থেকে ৪০ কোটি রুপি। ফ্যাশন স্টাইলিং, বিউটি সেলুন ব্যবসা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে তিনি এই সম্পদ গড়ে তুলেছেন।
৪৭ বছর বয়সী গৌরী ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা সেখানে একটি পরিচিত বিউটি সেন্টার পরিচালনা করতেন। পারিবারিক পরিবেশ থেকেই সৌন্দর্যচর্চা ও ফ্যাশন শিল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়। বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে তিনি পোশাক নকশা ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন।
২০০৭ সালে তিনি ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন ‘বিব্লান্ট’ এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।
শিক্ষাজীবনে গৌরী উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যান। ২০০৪ সালে তিনি ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
পারিবারিকভাবে গৌরীর পরিচয়ও বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।
উল্লেখ্য, ৬১ বছর বয়সী আমির খান মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। প্রায় দুই বছরের বেশি সময় ধরে তাদের সম্পর্ক ছিল। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা।
এম জি