বিয়ের অনুমতি নিতে যত টাকা ব্যয় করলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০২:২০ পিএম

বিশ্বজুড়ে আলোচনায় থাকা টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের জমকালো বিয়েকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই তারকাখচিত অনুষ্ঠানের অনুমতিপত্র (পারমিট) ও নিরাপত্তা ব্যবস্থাপনার খরচ হিসেবে নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ পরিশোধ করেছেন পপ তারকা টেইলর সুইফট।

শুক্রবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের এ তথ্য জানান। বিয়ের অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের অতিরিক্ত খরচ টেইলর সুইফট বহন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র জানান, প্রয়োজনীয় পারমিট ও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থাপনার খরচ আগেই পরিশোধ করা হয়েছে।

মেয়র মামদানি বলেন, টেইলর সুইফট পারমিট বাবদ নির্ধারিত অর্থ জমা দিয়েছেন। পাশাপাশি অনুষ্ঠান ঘিরে নিউইয়র্ক সিটির প্রয়োজনীয় সাড়া দেওয়ার খরচসহ মোট অর্থের পরিমাণ ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি।

ম্যানহাটনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বিয়েতে বিনোদন জগত ও ক্রীড়াঙ্গনের অসংখ্য তারকার উপস্থিতি ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের কয়েকটি সড়কে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

যদিও বিয়ের পুরো আয়োজনের ব্যয়ের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের খরচ ২ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিয়ের আগে টেইলর সুইফট ও ট্রাভিস কেলস বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

এম জি