স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১২০ জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করেছে। সেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি কমিটির সুপারিশ ও রাষ্ট্রপতির অনুমোদনের পর চিকিৎসকরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) হিসেবে দায়িত্ব পালন করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্বের পদ ও কর্মস্থলেই থাকবেন। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকরা সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না। লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে থাকা চিকিৎসকদের ক্ষেত্রে পদোন্নতি ছুটি শেষে কার্যকর হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তা সম্পর্কে বিরূপ তথ্য প্রাপ্ত হলে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষিত থাকবে।
জেএইচআর