মানসিক রোগ কি নিরাময় যোগ্য বিজ্ঞান বলে হ্যাঁ, মানসিক সুস্থতার সুরক্ষায় সচেতনতার নতুন দিগন্ত। বর্তমান সময়ে শারীরিক রোগ যেমন মানুষের জীবনকে বিপর্যস্ত করছে, তেমনি মানসিক সমস্যা আজ বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ এইচ ও) মতে, প্রতি চারজন মানুষের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিক অসুস্থতায় আক্রান্ত হন।
অথচ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে, মানসিক স্বাস্থ্যকে এখনও কলঙ্ক বা লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। এর ফলে চিকিৎসার আওতায় আসে খুবই সামান্য সংখ্যক মানুষ। এই প্রেক্ষাপটে মনোরোগ বিদ্যা (সাইকিয়াট্রি) বিষয়টির সঠিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং সমাজ ও পরিবারের করণীয় নিয়ে নতুন করে আলোচনা জরুরি হয়ে পড়েছে।
মনোরোগ বিদ্যা হলো চিকিৎসাবিজ্ঞানের সেই শাখা, যেখানে মানুষের মনের অসুস্থতা, অনুভূতির ভারসাম্যহীনতা, মানসিক আচরণগত সমস্যা এবং মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনসহ সকল মানসিক জটিলতার চিকিৎসা করা হয়। এটি শুধুমাত্র মানসিক দুর্বলতা নয়, বিজ্ঞানসম্মতভাবে স্বীকৃত একটি চিকিৎসা ক্ষেত্র, যেখানে রোগীর মানসিক অবস্থা, পারিবারিক ইতিহাস, ব্যক্তিগত জীবনযাপন, সামাজিক পরিবেশ এবং জৈব রাসায়নিক পরিবর্তনের সমন্বয়ে রোগ নির্ণয় করা হয়।
মনোরোগ বিদ্যার পরিধির মধ্যে রয়েছে, বিষণ্নতা (ডিপ্রেশন), উদ্বেগজনিত ব্যাধি (এনসিপি ডিসঅর্ডার), আচরণগত সমস্যা, মাদকাসক্তি, আঘাত পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধি (পিটিএসডি), অটিজম, স্কিৎজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া। দৈনন্দিন জীবনের চাপ, সম্পর্কের টানাপোড়েন, অর্থনৈতিক দুশ্চিন্তা, সামাজিক অস্থিরতা এবং ব্যক্তিগত আঘাত মানসিক রোগে পরিণত হতে পারে, যা অজ্ঞতা ও অবহেলার কারণে বহু সময় আরো গভীর সংকটে রূপ নেয়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানসিক রোগ বৃদ্ধির পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে, আধুনিক জীবনের চাপ। কর্মব্যস্ততা, প্রতিযোগিতা, সাফল্যের চাপ, চাকরির অনিশ্চয়তা, এসব বিষয় দীর্ঘমেয়াদে মানসিক ক্লান্তি তৈরি করে। সামাজিক বিচ্ছিন্নতা। প্রযুক্তি মানুষের জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু পরিবার, বন্ধু ও সমাজ থেকে দূরত্ব তৈরি করেছে। একাকিত্ব এখন মানসিক সমস্যার বড় উৎস। অর্থনৈতিক অনিশ্চয়তা।
বেকারত্ব, দারিদ্র্য, সংসারের চাপ, এসব কারণে মানুষ উদ্বেগে ভোগে এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয়। পরিবারে সংঘাত। দাম্পত্য অশান্তি, পারিবারিক বিরোধ, সন্তান শিক্ষার চাপ, এসব মানসিক সুস্থতা নষ্ট করে। সামাজিক সংকট বা দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, এসব পরিস্থিতি গভীর মানসিক ক্ষত তৈরি করে। মাদকাসক্তি। মাদক শুধু শারীরিক নয়, মানসিক রোগেরও বড় কারণ।
মানসিক রোগের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়। কিছু সাধারণ লক্ষণ হলো, সব সময় দুঃখ, বিরক্তি বা অস্থিরতা, ঘুমের সমস্যা, মানুষের সাথে মিশতে অনীহা, ছোট ঘটনা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, দৈনন্দিন কাজ করতে অনিচ্ছা, ক্ষুধামন্দা বা অতিরিক্ত খাওয়া, অবরুদ্ধ চিন্তা, অতিরিক্ত ভয় বা সন্দেহ, আচরণে হঠাৎ পরিবর্তন, আত্মহত্যার চিন্তা বা অসহায় বোধ। লক্ষণগুলো দীর্ঘদিন স্থায়ী হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিজ্ঞান অনুযায়ী, মানসিক রোগের ৮০ শতাংশ ৯০ শতাংশ রোগই চিকিৎসা, পরামর্শ ও ওষুধে নিয়ন্ত্রণযোগ্য। মনোরোগ বিশেষজ্ঞরা সাধারণত তিন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন, পরামর্শদান বা মনোচিকিৎসা। এতে কথোপকথনের মাধ্যমে রোগীর মনের চাপ, ভয়, কষ্ট, আঘাত দূর করা হয়। সাধারণ পদ্ধতি, জ্ঞানীয় আচরণগত থেরাপি (সিবিটি), পারিবারিক থেরাপি, আঘাতজনিত পরামর্শ ও শিশু পরামর্শ।
ওষুধের মাধ্যমে চিকিৎসা (মেডিকেশন)। মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক করতে বিশেষ ওষুধ ব্যবহার করা হয়। রোগীর অবস্থা অনুযায়ী তা নির্ধারণ করেন মনোরোগ বিশেষজ্ঞ। জীবনযাপন সংশোধন। ঘুম, খাদ্যাভ্যাস, ব্যায়াম, সামাজিক যোগাযোগ, সময় ব্যবস্থাপনা, এসব বিষয় মানসিক সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে।
বাংলাদেশে মনোরোগ নিয়ে তিনটি প্রধান সমস্যা দেখা যায়, লজ্জা ও সামাজিক কুসংস্কার। মানসিক রোগ মানেই পাগলামি, এমন ভুল ধারণা এখনো রয়ে গেছে। ফলে মানুষ চিকিৎসা নিতে ভয় পায়। পর্যাপ্ত বিশেষজ্ঞের অভাব। প্রতিটি জেলায় পর্যাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ নেই। ফলে অনেক অঞ্চল চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। পরিবারের অসচেতনতা। রোগীর আচরণকে মানুষ প্রায়ই অবহেলা বা নিজের দুর্বলতা হিসেবে দেখে, কিন্তু এটি বৈজ্ঞানিক চিকিৎসার বিষয়।
মানসিক স্বাস্থ্য রক্ষা কোনো একক দায়িত্ব নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজ, সবার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত করণীয়, নিজের আবেগ প্রকাশ করুন, চেপে রাখবেন না। পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য নিন। নিয়মিত ব্যায়াম করুন। সামাজিক যোগাযোগ রাখুন। চাপ কমানোর জন্য সময় ব্যবস্থাপনা শিখুন। প্রয়োজনে কাউন্সিলর বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। মাদকাসক্তি থেকে দূরে থাকুন।
পরিবারের করণীয়, রোগীকে দোষারোপ বা অপমান না করা। ধৈর্য ও সহানুভূতিশীল আচরণ। তার কথা মনোযোগ দিয়ে শোনা। চিকিৎসকের নির্দেশ মেনে চলতে উৎসাহ দেওয়া। পারিবারিক অশান্তি কমিয়ে শান্ত পরিবেশ তৈরি করা। সমাজের করণীয়, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো। স্কুল, কলেজ, অফিসে পরামর্শ সেবা চালু করা। গণমাধ্যমে ইতিবাচক বার্তা প্রচার। মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা। চিকিৎসা সহজলভ্য করতে সরকারি উদ্যোগ বৃদ্ধি।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মানসিক রোগকে শারীরিক রোগের মতো স্বাভাবিকভাবে বিবেচনা করা উচিত। কারণ, মানসিক রোগ লুকিয়ে রাখলে পরিস্থিতি জটিল হয়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দ্রুত ফল দেয়। রোগীকে দোষারোপ করলে মানসিক ক্ষতি বাড়ে। সমাজের সচেতনতা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনোরোগ বিদ্যা নতুন কোনো চিকিৎসাবিজ্ঞান নয়, তবে আধুনিক জীবনযাত্রার সাথে সাথে এর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
মানসিক অসুস্থতা লজ্জার নয়, বরং সচেতনতা, চিকিৎসা এবং সামাজিক সহায়তায় এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য। পরিবার, সমাজ ও রাষ্ট্র মিলে যদি মনোরোগ নিয়ে সচেতনতা তৈরি করতে পারে, তাহলে মানসিক সুস্থতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। মানসিক স্বাস্থ্যই আসলে সুস্থ জীবনের ভিত্তি, শরীর ও মনের সমন্বয়েই সৃষ্টি হয় একটি পূর্ণাঙ্গ মানুষ।
জেএইচআর