ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ডা. তাজিন আফরোজ শাহ প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে দেওয়া তাঁর মন্তব্যকে চরম আপত্তিকর এবং প্রতিষ্ঠানের নীতি-আদর্শ পরিপন্থী হিসেবে বিবেচনা করেছে কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর থেকেই তাঁকে অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদেশে আরও জানানো হয়, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহীদ হাদির মৃত্যু নিয়ে যখন দেশব্যাপী শোকের পরিবেশ বিরাজ করছে, তখন একজন চিকিৎসকের এমন মন্তব্যে সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। তার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কিত পোস্টের ওপর নজরদারি করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
ইএইচ