বিএমইউতে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ইএমআর ও ক্যানসার রেজিস্ট্রি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:০৮ পিএম

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সচেতনতামূলক র‍্যালি এবং ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) সিস্টেম ও ক্যানসার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

‘ইউনাইটেড বাই ইউনিক স্বকীয়তায় ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার বিএমইউর বি-ব্লকের সামনে থেকে বের হওয়া র‍্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

র‍্যালি শেষে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ইএমআর সিস্টেম উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যানসার রেজিস্ট্রেশন কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। 

এ ছাড়া ক্যানসার রোগী ও তাদের কেয়ারগিভারদের জন্য একটি সমন্বিত পেশেন্ট এডুকেশন প্রোগ্রাম চালু করা হয়েছে, যা দেশে প্রথম উদ্যোগ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াই শুধু চিকিৎসায় সীমাবদ্ধ নয়; সঠিক তথ্য, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং রোগীকেন্দ্রিক সহায়তামূলক ব্যবস্থাই ভবিষ্যতের ক্যানসার সেবার মূল ভিত্তি। এ কর্মসূচির মাধ্যমে ক্যানসার রোগী ও তাদের পরিবারকে রোগ, চিকিৎসা পদ্ধতি, পার্শ্বপ্রতিক্রিয়া, পুষ্টি ও মানসিক সহায়তা সম্পর্কে সচেতন করে তোলা সম্ভব হবে।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। 

ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখায়াত হোসেন সায়ন্থ, পেডিয়াট্রিক হেমাটোলজি অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. আনোয়ারুল করিম, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঞা ও গাইনীকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যানসার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেছা, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

ইএইচ