নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৪৭ পিএম

নওগাঁয় কাঁচা খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। মৃত ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ওই নারীর শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ২৭ জানুয়ারি প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর রক্তের নমুনা পরীক্ষায় নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ‘আইইডিসিআর থেকে আজ গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের লিখিতভাবে এখনো কিছু জানানো হয়নি। লিখিত চিঠি পাওয়ার পর ওই রোগীর বিষয়ে আমরা বিস্তারিত জানাতে পারব। তবে তিনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন বলে জানা গেছে।’

শীতকালে খেজুরের রস পানে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

তারা জানান, কাঁচা রস পানে বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে।

ইএইচ