দেশের শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অনারারী সেক্রেটারি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, একই দিনে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে চেয়ারম্যান পদে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য এই মনোনয়ন দেওয়া হয়েছে। বর্তমানে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার উত্তরা আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দেশের চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি নিয়ে কাজ করা একটি গুরুত্বপূর্ণ বেসরকারি সংস্থা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মানসম্মত চিকিৎসা শিক্ষা বিস্তার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।
প্রতিষ্ঠানটির অধীনে বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে।
এম জি