হামে মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই টিকা নেওয়ার বয়স হয়নি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৪:৪৫ পিএম

সরকারি তথ্য অনুযায়ী, দেশে হামে মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই টিকা নেওয়ার বয়স হয়নি। অর্থাৎ, এসব শিশুর বয়স ৯ মাসের কম ছিল, ফলে তারা টিকা পাওয়ার যোগ্যও হয়নি।

দেশে হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে ৬০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৭৭ শতাংশই টিকা নেয়নি। এ রোগে এখন পর্যন্ত চারশোর বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুদের বড় একটি অংশের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাদের মধ্যে প্রায় ২৫ শতাংশ শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার এক দিনের মধ্যেই। এছাড়া অর্ধেক শিশুকে ঢাকায় রেফার্ড করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই বয়স টিকা নেওয়ার যোগ্যতার নিচে ছিল। ফলে তারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতার বাইরেই ছিল।

এ পরিস্থিতিতে হামের টিকা দেওয়ার বয়স ৯ মাস থেকে কমানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বয়স কমানোর সিদ্ধান্ত বিশেষজ্ঞ কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের ওপর নির্ভর করছে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, চব্বিশে এসে হামে মৃত্যু জাতি, স্বাস্থ্য খাত ও আমাদের জন্য লজ্জার বিষয়। তবে দুর্ভাগ্যজনকভাবে এই লজ্জার জন্য আমরা দায়ী না।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, মৃত্যুর সংখ্যা না কমায় তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তার ভাষায়, আমরা সঠিক সময়ে চিকিৎসা দিচ্ছি, তবে আক্রান্ত শিশুকে বাঁচানো যাচ্ছে না। কেন বাঁচানো যাচ্ছে না, কী ধরনের জটিলতা তৈরি হচ্ছে-এসব নিয়ে কাজ চলছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান জানিয়েছেন, বর্তমানে চলমান টিকাদান কর্মসূচিতে হামের টিকা দেওয়ার বয়স ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা হয়েছে। তবে নিয়মিত জাতীয় টিকাদান কর্মসূচিতে বয়স কমানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ মনে করছে, টিকাদানের মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জিত হলে তা সব বয়সের মানুষকেই সুরক্ষা দিতে পারে।

এম জি